নাগরপুরে ইয়াবাসহ ছাত্রদল নেতাকে আটক, সংগঠন থেকে বহিষ্কার
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নে ৪৫ পিচ ইয়াবাসহ ছাত্রদল নেতাকে আটক করেছে নাগরপুর থানা পুলিশ। আটককৃত ব্যক্তি দপ্তিয়র ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. তাইজুল ইসলাম (৩০)। তিনি দপ্তিয়র দক্ষিণ খণ্ডের মো. মজনু মিয়ার ছেলে। পুলিশ জানায়, বুধবার (২১ জানুয়ারি ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে দপ্তিয়র ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকায় যমুনা নদীর পাড় থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে থানায় নিয়ে আসা হয় এবং আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, নাগরপুর উপজেলা শাখা জরুরি সিদ্ধান্ত গ্রহণ করে। সংগঠনের আহ্বায়ক মীর খালেদ মাহাবুব (রাসেল) ও সদস্য সচিব শহিদুর রহমান (মনির) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মো. তাইজুল ইসলামকে সাংগঠনিক সকল পদ থেকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, “সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সু-নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নাগরপুর উপজেলা ছাত্রদলের অধীনস্থ দপ্তিয়র ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. তাইজুল ইসলামকে সংগঠনের সকল পদ থেকে বহিষ্কার করা হলো।” এ বিষয়ে নাগরপুর থানা পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং কাউকেই আইনের ঊর্ধ্বে রাখা হবে না।
মো: সাকিব

